বাড়ি ফিরছে ওরা
ওই দেখো পিঁপড়ের সারি- পরিযায়ী
কারা যেন দিয়েছে এই নাম
দিনরাত হেঁটেও ক্লান্তি নেই তাদের অথচ,
একটু অবসরে পাশে বসলেই এটা ওটা করার ছলে
উঠে যাও তুমি
জানি, তোমারও ভালো লাগে না এসব খুনসুটি
জানালায় চেয়ে থাকো- পাখিদের দেখো- মিল খোঁজো
অসহ্য আকাশ- বৃষ্টি তো হচ্ছে প্রতিদিন, তবু
ডালিম রসের মতো তৃপ্তি কই- সুখ নেই চিবিয়ে চিবিয়ে
বাড়ি ফিরছে ওরা-
নরম বুকে বারান্দায় জেগে আছে মা
দুঃশ্চিন্তায় বিড়ির তাড়া শেষ করে ক্লান্ত বাবা
ওরা বাড়ি ফিরছে-
ভারতবর্ষ এভাবে কোনোদিন তাদের ফিরতে দেখেনি
সাতচল্লিশে না- তার আগেও নয়
মরতে মরতে বাড়ি ফিরছে ওরা
ছবি- গুগোল
