আপেল ঝরে গেছে- সবুজ সবুজ আপেল
অনেক দিন রেস্তোরাঁ বিকেল নেই
কাকাতুয়া গল্প নেই
ভার্চুয়াল প্রেম ও প্রপাত = আমাদের দৈনিক
মহাফেজখানায় সন্দেহ করোনা নিয়ে
হেঁটে কিংবা চানাচুর ও মদে
পলাতক ঘুম খেয়ে পিং পং চলে যাবো
চলে যাওয়াকে বাঁচা বলে
লোকমুখে খসে পড়ার নাম পতন
কোয়ারেনটিন অনুভূতি নিয়ে শুয়ে থাকা-
এভাবে জানালা খোলার আগে
আয়ুর ক্ষয় ভাবিনি কখনো
অনুলোম-বিলোম শেষে
খিদে পায় কবিতা, ভেসে ওঠে গান
তুমিও সরস্বতী নিয়ে বসছ রোজ
নাকি উগলে দিয়ে জন-জীবন
বহু ব্যঞ্জন, শিক কাবাবের করছ খোঁজ ?
থমকে গেছে প্রথিতযশ
হাইওয়ে খুলে দেখি রচনাধর্মী একাধিক
কত বুক নিস্তব্দ ডানা তুলে
দিক-বেদিক উড়ে যাচ্ছ পাখি
প্রতিদিন ঝড় ওঠে ও নামে
লেখা হয় অসংখ্য বজ্রপাত
চায়ের দোকানে, মুটে-শ্রমিকের ঘরে
আমরা শুধু জীবনের হীন দৈনিকে বাঁচি-
ভার্চুয়াল প্রেম ও প্রপাতে
